নাটোরের বড়াইগ্রামে একটি বিপন্নপ্রায় মেছো বাঘ পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে অজ্ঞাত একটি প্রাণী বিভিন্ন বাড়ি থেকে হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছিল। পাশাপাশি মাঠে থাকা কয়েকটি ছাগলের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে গ্রামবাসী প্রাণীটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে সেটিকে ঘিরে ধরে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
প্রথমে স্থানীয়রা প্রাণীটিকে গন্ধগোকুল বলে ধারণা করলেও পরে স্থানীয় সাংবাদিক ও বন বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেন, নিহত প্রাণীটি আসলে বিরল ও বিপন্নপ্রায় মেছো বাঘ।
উপজেলা বন কর্মকর্তা সত্যেন সরকার জানান, প্রাণীটি মেছোবাঘ, যাকে অনেকেই মেছো বিড়াল নামেও চেনেন।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের ভাষ্য, মেছো বাঘ সাধারণত মানুষকে আক্রমণ করে না এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতেই পছন্দ করে। মাছ এদের প্রধান খাদ্য হলেও ব্যাঙ, কাঁকড়া, শামুক, সাপ, পাখি ও ইঁদুরও শিকার করে থাকে। অনেক সময় মানুষ ভুলবশত এটিকে বড় বাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়ে এবং অকারণে হত্যা করে।
বিশেষজ্ঞরা আরও জানান, জলাভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় মেছোবাঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের বিপন্ন প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ।



