২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে এসব প্রার্থীদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘জাতীয় বেতন স্কেল ২০১৫’ অনুসারে ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন স্কেলে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয় এই ৯৬ জনকে। তবে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধাদি পাবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৮ মে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা দপ্তরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে তাদের ব্যাচের নিয়োগপ্রাপ্তদের প্রথম যে তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই তারিখ থেকে নিয়োগ আদেশ কার্যকর হবে। ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের যোগদানের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা বজায় থাকবে।
উল্লেখ্য, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হয়েছিল। কিন্তু ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করে।
প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন। ফলে ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
গত বছরের ২০ ফেব্রুয়ারি নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেন আপিল বিভাগ। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮ ডিসেম্বর নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।



