Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিইসি: নাসীরুদ্দীন পাটওয়ারীর গালি শুনে আমরা অভ্যস্ত

উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতেন, অথচ দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন

আপডেট : ১৮ মে ২০২৬, ০৫:২৬ পিএম

নির্বাচন কমিশনকে (ইসি) নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর সমালোচনার জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এ ধরণের কথা শুনে তারা অভ্যস্ত। সমালোচনাকে ইতিবাচকভাবে দেখছেন উল্লেখ করে তিনি মন্তব্য করেছেন, ভিন্নমত প্রকাশ এবং বলার সুযোগ দেওয়াটাই হলো গণতন্ত্রের আসল সৌন্দর্য।

সোমবার (১৮ মে) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। আরএফইডির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনসিপি নেতার তীব্র সমালোচনার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, “উনার এই ধরনের কথা শুনে আমরা একদম অভ্যস্ত। উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতেন, অথচ দেখা করে দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন। এই গালি উনার নতুন নয়।”

অনেকের কাছে এই বক্তব্য নতুন মনে হলেও তিনি নিজে এতে সামান্যতম আহত বা মনঃক্ষুণ্ণ হননি জানিয়ে সিইসি আরও বলেন, “শুধু প্রশংসা করলে তো সঠিক মূল্যায়ন বা ইভালুয়েশন হয় না। উনি নিজের পার্সপেক্টিভ থেকে যেটা অন্তরে বিশ্বাস করেছেন, সেটাই বলেছেন। আর এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য; উনাকে এই বলার সুযোগ দেওয়াটাই সৌন্দর্য।”

বক্তব্যে অতীতের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে এ এম এম নাসির উদ্দিন বলেন, “অতীতে শুধু এক পক্ষ বলতে বলতে সব বরবাদ করে দিয়েছে। সবাই শুধু এক পক্ষের প্রশংসা করেছে। আর সেই একপেশে প্রশংসার রেজাল্ট হিসেবেই দেশের এই বিপ্লব হয়েছে। শুধু একজনের প্রশংসা করতে গিয়ে আমাদেরকে আজ এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সুতরাং মুদ্রার দুইটা দিকই থাকে।”

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা ও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা উল্লেখ করে সিইসি বলেন, রাষ্ট্রযন্ত্র বা সরকারের সার্বিক সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা প্রায় অসম্ভব। তবে বিগত সরকারের সদিচ্ছার প্রশংসা করে তিনি জানান, তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদকে স্পষ্ট বলে দিয়েছিলেন যে, নির্বাচন কমিশনের বিষয়ে কেউ যেন কোনো ধরণের নাক না গলান। সরকারের পক্ষ থেকে কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার জন্য ফুল সাপোর্ট দেওয়া হয়েছিল।

   

About

Popular Links

x