কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত ও অপর চারজন আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল জাব্বার।
নিহতরা হলেন, জেসমিন আক্তার (৪২) ও শিশুকন্যা নুসরাত জাহান (৪)। নিহতরা পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নূর ইসলাম মিয়ার স্ত্রী ও কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুজুড়ির জেসমিন আক্তার, তার মেয়ে নুসরাত জাহান, নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম ও এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম সোমবার দুপুর ১২টার দিকে চৌদ্দগ্রাম বাজারে কেনাকাটা শেষে নাটাপাড়ার নিজাম উদ্দিনের অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় উল্টোপথে যাওয়ার সময় কে কে ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ধাক্কা খেয়ে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন অটোরিকশা যাত্রী বালুজুড়ির জেসমিন আক্তার। আহত হন জেসমিন আক্তারের কন্যা নুসরাত জাহান ও অটোরিকশাচালক নিজাম উদ্দিনসহ অপর তিন যাত্রী।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় তাদের পাঠান হয়। অবস্থার অবনতি হলে শিশু নুসরাত জাহানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রবিউল হাসান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত জেসমিন আক্তার নামের এক নারী হাসপাতালে আনার আগেই মারা যান। এছাড়া আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠান হয়েছে।”
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট আবদুল জাব্বার বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার শেষে থানায় নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।”



