সারাদেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্বে ব্যর্থতা অনুসন্ধানে একটি ইনকোয়ারি কমিশন গঠন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
রুলে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি জানান, চলমান শিশু মৃত্যুর ঘটনায় কারা দায়ী এবং কেন রাষ্ট্র দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তা অনুসন্ধানের জন্য একটি ইনকোয়ারি কমিশন গঠনের বিষয়ে রুল দিয়েছেন আদালত।
এর আগে রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন। রিটে হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
এর আগে ৬ এপ্রিল এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল।
রিট আবেদনে বলা হয়, দেশে বিলুপ্তপ্রায় রোগ হাম আবারও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ পরিস্থিতিতে হামের টিকা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে দ্রুত তদন্তের দাবি জানানো হয়।



