Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন

আপডেট : ২০ মে ২০২৬, ০২:৩৩ পিএম

কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আরও ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের প্রস্তুতির খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন যৌথ বাহিনী এক ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা তাদের সহযোগীকে ছিনিয়ে নেওয়ার জন্য যৌথ বাহিনীর ওপর অতর্কিত আক্রমণ করে। একপর্যায়ে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে লেফটেন্যান্ট নির্জনের ওপর সরাসরি হামলা চালায়। এতে তিনি ঘাড়ে ও বুকে মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এই সেনা কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় প্রদান করেন।

   

About

Popular Links

x