চলতি বছরের মে মাসের প্রথম ১৯ দিনে দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে।
যা বাংলাদেশি মুদ্রায় পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৪৭৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।
বুধবার (২০ মে) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রবাসী আয় এসেছে এক হাজার ৯০২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের মে মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৪৮ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৯ মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৬৩৩ কোটি ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৫০ শতাংশ।



