Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পল্লবীতে শিশু হত্যাকাণ্ডের চার্জশিট দাখিলের সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুটি বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান

আপডেট : ০৮ জুন ২০২৬, ০২:০০ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আগামী রোববার (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুটির বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

দিনভর সরকারি কাজ শেষে রাত ১০টার দিকে মিরপুরের ১১ নম্বরের বি ব্লকে শিশুটির বাসায় যান প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক।

প্রধানমন্ত্রী শিশুটির পরিবারকে সান্ত্বনা দেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি নিহত শিশুর বাবা-মা ও বড় বোনের সঙ্গে কথা বলেন এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‍“পুলিশ দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখন চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।”

তিনি জানান, চার্জশিট দাখিলের আগে ডিএনএ টেস্ট সম্পন্ন করা হবে। আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে পরীক্ষার কার্যক্রম চলছে এবং রোববার দুপুরের মধ্যে তা শেষ হওয়ার আশা করা হচ্ছে। এরপরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার চেষ্টা চালাবে। পাশাপাশি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আইন সংশোধনের উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শিশুটির বড় বোনের পড়াশোনার সম্পূর্ণ ব্যয় এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা বহনের আশ্বাস দিয়েছেন।”

পরিবারের প্রধান দাবি দ্রুত ও সুষ্ঠু বিচার উল্লেখ করে তিনি বলেন, পরিবারের সদস্যরা এখন পর্যন্ত গ্রেপ্তার ও আইনি অগ্রগতিতে সন্তুষ্ট।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে সাত বছর বয়সী শিশুটির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তিনি শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

   

About

Popular Links

x