Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাটওয়ারীর ওপর হামলার সময় অস্ত্র বের করা কে এই তরুণ

এই ঘটনা নিয়ে ছাত্রদল ও এনসিপির মধ্যে পাল্টাপাল্টি দাবি ও উত্তেজনা তৈরি হয়েছে

আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:১১ পিএম

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার সময় আকাশি রঙের গেঞ্জি পরিহিত একদল তরুণকে তাকে ঘিরে থাকতে দেখা যায়। এ সময় এক তরুণকে পকেট থেকে অস্ত্রসদৃশ কোনো বস্তু বের করে হামলা করতে উদ্যত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ওই তরুণের নাম আশিক মণ্ডল। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের বাসিন্দা এবং ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে কাজ করেন। পাশাপাশি তিনি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে এই ঘটনা নিয়ে ছাত্রদল ও এনসিপির মধ্যে পাল্টাপাল্টি দাবি ও উত্তেজনা তৈরি হয়েছে।

গত শুক্রবার (২২ মে) দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ পড়ার পর নেতা-কর্মীদের নিয়ে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ তাঁর সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে পাশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় গেঞ্জি পরিহিত ১৫ থেকে ২০ জনকে তৎপর দেখা যায়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পাঁচজন আহত হন।

ঘটনার পর আকাশি গেঞ্জি পরিহিত এক তরুণকে অস্ত্রসদৃশ কোনো বস্তু পকেট থেকে বের করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, হামলার একপর্যায়ে আশিক নামের ওই তরুণ পকেট থেকে বস্তুটি বের করে মারতে উদ্যত হন। এ সময় পাঞ্জাবি পরা আরেকজন তাঁকে নিবৃত্ত করলে তিনি বস্তুটি আবার পকেটে রেখে দেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একজন জানান, তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর পাশে নামাজ পড়েছেন। তারা মসজিদে থাকাকালে নাসীরুদ্দীন সেখানে যান এবং এ সময় আকাশি গেঞ্জি পরা কয়েকজন তাকে ঘিরে রাখেন। পরে সংঘর্ষের সময় আকাশি গেঞ্জি পরিহিত ব্যক্তিদের তৎপরতা বেশি দেখা যায়।

কাষ্টসাগরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশিক মণ্ডলের পরিবার আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু আশিক নিজে আগে সক্রিয় কোনো রাজনীতি করতেন না। ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন।

জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন দাবি করেন, গুপ্ত সংগঠনের সদস্য আশিক অস্ত্র বের করে মহড়া দিয়েছে। জঙ্গি সংগঠনের সদস্যরা পরিকল্পিতভাবে এই পরিস্থিতির সৃষ্টি করেছে এবং তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে ছিল। ছাত্রদলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করা হয়েছে।

অন্যদিকে, জানতে চাইলে এনসিপির ঝিনাইদহ জেলার যুগ্ম সমন্বয়কারী হামিদ পারভেজ বলেন, আকাশি গেঞ্জি পরা ছেলেগুলো তাদের দলের স্বেচ্ছাসেবক ছিলেন। আশিকের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, ওটা মূলত একটি চায়না স্টিক ছিল, যা নিরাপত্তার জন্য রাখা হয়েছিল। সেখানে কোনো অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেনি।

ঝিনাইদহ সদর থানার ওসি গোকুল চন্দ্র জানিয়েছেন, বর্তমানে ঝিনাইদহের পরিস্থিতি স্বাভাবিক আছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে মামলাটির তদন্ত কার্যক্রম জোরদারে চলছে।

   

About

Popular Links

x