Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের দিনসহ টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় তাপমাত্রা কমতে পারে

আপডেট : ২৫ মে ২০২৬, ১২:৪৪ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের দিনসহ আগামী পাঁচদিন দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে কয়েকটি বিভাগে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

এর ফলে তাপমাত্রা কমতে পারে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি কিছুটা অব্যাহত থাকলেও বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বুধবার (২৭ মে) থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

ঈদের দিন বৃহস্পতিবার ও শুক্রবারও দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী পাঁচদিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

   

About

Popular Links

x