বগুড়ার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আশরাফ আলী প্রামানিক (৫৬) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) রাতে উপজেলা সদরের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শিক্ষক আশরাফ আলী প্রামানিক বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা।
তিনি বগুড়া শহরের মালতিনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। এছাড়া বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নে চকহবিবেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শিক্ষক আশরাফ আলী শনিবার রাতে মোটরসাইকেল চালিয়ে শিবগঞ্জের পিরব এলাকায় শশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলা সদরের লালদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানান, আইনী প্রক্রিয়ার মাধ্যমে নিহত শিক্ষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে। ঘাতক ট্রাক শনাক্ত ও এর চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



