হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ শিশু মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭৭ জন। এর মধ্যে ৫৩ শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ১ হাজার ৩২৪ শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৯৫ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু। এ পর্যন্ত মোট ৫৮৫ শিশু মারা গেছে।
শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে রবিবার (৩১ মে) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত দুই শিশু ঢাকা ও বরিশালে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭০ হাজার ৯৩৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ হাজার ৮৮৬ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫২ হাজার ৮৪১ শিশু বাড়ি ফিরেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৯ হাজার ৪৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



