নেত্রকোণার পূর্বধলা উপজেলার চিকনি বিলে নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বিষম্ভপুর গ্রামের এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা থেকে কয়েকজন স্বজন পূর্বধলা উপজেলার বিষম্ভপুর গ্রামের একিন আলীর বাড়িতে বেড়াতে আসেন। পরে তারা ৫-৬ জন মিলে চিকনি বিলে একটি ছোট কাঠের নৌকায় ঘুরতে বের হন। অতিরিক্ত যাত্রী ওঠার কারণে এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের জমিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের নুসরাত (৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পূর্বধলা উপজেলার বিষম্ভপুর গ্রামের মিম (১২) আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী ওঠার কারণেই নৌকাটি ডুবে যায়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



