Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় মারামারির প্রতিবাদ করায় প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ

আপডেট : ০৬ জুন ২০২৬, ১১:৫৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আনোয়ার হোসেন (২৩) নামে এক প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার হোসেন কুটি ইউনিয়নের রানীয়ারা গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।

নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরীর অভিযোগ, শুক্রবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় প্রতিবাদ করেন তার ছেলে। এ নিয়ে অভিযুক্ত সাব্বিরের সঙ্গে কথা কাটাকাটি হয় তার ছেলের। পরে রাত সাড়ে ৯টার দিকে আমার ছেলেকে অটোরিক্সা থেকে নামিয়ে ছুরিকাঘাত করে।

নিহতের বাবার ভাষ্যমতে, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি আরব প্রবাসী ছিল। আমি এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

জানা গেছে, স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহতাবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. মিশকাতুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ঘটনার পর থেকে অভিযান শুরু করেছি।

দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান তিনি।

 

   

About

Popular Links

x