Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার বাংলাদেশে পুশ ইন নিয়ে মুখ খুুললো ভারত

পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র

আপডেট : ০৬ জুন ২০২৬, ০২:৩৮ পিএম

বাংলাদেশিসহ অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং যাচাই-বাছাই শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে।

শুক্রবার (৫ জুন) ভারতের পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। অভিযোগে বলা হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিছু মানুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, ভারতে যদি বাংলাদেশিসহ কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া চালু রয়েছে। এ ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য ও নথিপত্র প্রথমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়, যাতে তাদের নাগরিকত্ব যাচাই করা যায়। যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর প্রত্যাবাসন বা বিতাড়নের প্রক্রিয়া শুরু হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এ ধরনের অনেক অনুরোধ এখনো বাংলাদেশি পক্ষের কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব আবেদন দ্রুত যাচাই ও নিষ্পত্তি হলে ভারতে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের ফেরত পাঠানোর কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

   

About

Popular Links

x