নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টায় আনা নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে প্রায় ১৯ ঘণ্টা পর আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের সহযোগিতার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় শুক্রবার গভীর রাতে তাদের ফিরিয়ে নেওয়া হয়।
শনিবার (০৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার এলাকা দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু ছিল।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। দীর্ঘ সময় ধরে সীমান্তের শূন্যরেখায় ওই ব্যক্তিদের রেখে পুশইনের চেষ্টা অব্যাহত রাখলেও বিজিবির বাধার মুখে বিএসএফ সফল হতে পারেনি।
স্থানীয় বাসিন্দা মাহবুব আলম জানান, রাত পর্যন্ত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন। পরে গভীর রাতে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। এ সময় তারা যেতে অনীহা প্রকাশ করে কান্নাকাটি করছিল বলেও দাবি করেন তিনি।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, মানবিক দিক বিবেচনায় প্রথমে তাদের শূন্যরেখায় থাকতে দেওয়া হয়েছিল। তবে সন্ধ্যার পর নোম্যান্সল্যান্ডে সরিয়ে দেওয়া হয়। রাত ১টার দিকে বিএসএফ সীমান্তের আলো নিভিয়ে দেয় এবং পরে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়ে তাদের ফিরিয়ে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।



