Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৮:২২ পিএম

গরমের তাপপ্রবাহ আর অস্বস্তির মধ্যে রাজধানীতে নেমেছে বৃষ্টি। শনিবার (৬ জুন) দিনভর ভ্যাপসা গরমের পর বিকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে। এতে তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।  

রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, গ্রিন রোড, ফার্মগেট, রাজাবাজার, কাঠালবাগান, পান্থপথ, বাংলামোটর, শাহবাগ, পুরানা পল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গেও বজ্রপাত ও বৃষ্টি হয়। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। 

রাজধানীর টিএসসি এলাকায় বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এছাড়াও  অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। 

   

About

Popular Links

x