Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এই আবেদনটি খারিজের আদেশ দেন

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। 

সোমবার (৮ জুন) উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এই আবেদনটি খারিজের আদেশ দেন।

এর আগে আজ সকালে সিএমএম আদালতে মামলার এই আবেদনটি জমা দেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নুরজাহান বেগম ছাড়াও আসামি করা হয়েছিল সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফরকে।

মামলার আরজিতে অভিযোগ করা হয়, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের চরম কাজের অবহেলা এবং টিকা আমদানিতে জটিলতা তৈরির কারণে বিদেশ থেকে হামের ভ্যাকসিন আসা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নতুন করে টেন্ডার প্রক্রিয়ায় যাওয়ার অজুহাতে পুরো কার্যক্রম স্থবির করে দেওয়ায় হামের রোগটি সারাদেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। চিকিৎসা ব্যবস্থাপনা ও সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় অনেক কোমলমতি শিশুর মৃত্যু ঘটে। বাদীপক্ষের দাবি ছিল, ভবিষ্যতে যেন কোনো সরকার শিশুদের জীবন নিয়ে এমন অবহেলা করতে না পারে, তা নিশ্চিত করতেই এই শাস্তির আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ একটি সংবাদ সম্মেলন করেছিল। সেখানে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান যে, দেশে চলমান টিকা সংকটের বিষয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে মোট দশবার সতর্ক করা হয়েছিল এবং এর মধ্যে লিখিতভাবে পাঁচটি চিঠিও পাঠানো হয়েছিল। তবে সেই সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। অবহেলা ও মৃত্যুর এই বিষয়টিকে সামনে রেখেই আজ আদালতে মামলার আবেদনটি করা হয়েছিল, যা শুনানির পর আদালত সরাসরি খারিজ করে দেন।

   

About

Popular Links

x