আগামী অর্থ বছরের বাজেট অনুমোদনের জন্য বিশেষ বৈঠকে বসেছেন মন্ত্রিসভার সদস্যরা।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার পর সংসদ ভবনের মন্ত্রিসভার কক্ষে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়েছে বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বৈঠকে উপস্থিত রয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আজম খান, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রাণিসম্পদ মন্ত্রী শহীন উদ্দিন চৌধুরী এ্যানিসহ প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।
মন্ত্রিসভায় অনুমোদনের পর বাজেট বিলে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিশেষ এই সভা শেষে বিকাল ৩টায় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করা বিএনপি জাতীয় বাজেট দিতে যাচ্ছে দীর্ঘ ১৯ বছর পর। এই বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা; রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
এর আগে, বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে সবশেষ ২০০৬-২০০৭ সালের বাজেট দিয়েছিলেন তখনকার অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তখন প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।



