নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য। পরে তাদের আড়াইহাজারে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগও উঠেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে রূপগঞ্জের গাউছিয়া ও আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে এসব ঘটনা ঘটে। তবে ঘটনাটি রাতে নিশ্চিত করেছে পুলিশ।
আহতরা হলেন- উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ। আহত অবস্থায় তাদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে মামুনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ডিবির উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডিবির তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে, রূপগঞ্জের গাউছিয়া এলাকায় হামলার সময় ডিবির অপর সদস্য (কনস্টেবল) আকাশ আহমেদ পাশের একটি ওয়াশরুমে থাকায় হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “ডিবির কয়েকজন কর্মকর্তা আসামি ধরতে সাদা পোশাকে গাউছিয়ায় এসেছিলেন। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”



