Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় 

আপডেট : ২১ জুন ২০২৬, ০৪:২৫ পিএম

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ আনতে সারওয়ার আলম সম্প্রতি পদক্ষেপ নেন। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই তাকে প্রত্যাহারের নির্দেশ এলো।

তবে প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করার কোনো কারণ উল্লেখ করা হয়নি। এখনো নতুন কাউকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগও দেওয়া হয়নি।

ঢাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সময় আলোচনায় আসেন সারওয়ার আলম। সিলেটের সাদাপাথর এলাকায় পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়। এরপর তাকে সিলেটে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত ছিলেন সারওয়ার আলম।

২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরে গত বছরের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। 

   

About

Popular Links

x