আদালত অবমাননার দায়ে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে তার বনানীর বাড়িতে অভিযানে চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।
তার বিরুদ্ধে শ্রম আদালতের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলস লিমিটেডের মালিকপক্ষের চারজন এবং প্রতিষ্ঠানের চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আদালতে (মজুরি) মামলা দায়ের করেন কর্মী কফিল উদ্দিন।
গত বছরের ৮ মে এক রায়ে বাদীর পাওনা প্রায় ২৩ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন আদালত। নির্ধারিত সময়ের মধ্যে ওই অর্থ পরিশোধ না করায় ৩ মে মামলার আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার আসামিরা হলেন নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল, ব্যবস্থাপনা পরিচালক খালেদা ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র এবং প্রতিষ্ঠানের চার কর্মকর্তা শাহাদাত হোসেন মিয়া, ফারজানা ইয়াসমিন, ইমরান বিন ফেরদৌস ও মোহাম্মদ মনিরুল আলম।



