ফিফা বিশ্বকাপে নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে কলম্বিয়া। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে তারা।
শুরু থেকেই ম্যাচের গতি ও বলের নিয়ন্ত্রণ ছিল কলম্বিয়ার পক্ষে। প্রতিপক্ষের অর্ধে অধিকাংশ সময় কাটালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। কঙ্গোর রক্ষণভাগ এবং গোলরক্ষক লিওনেল এমপাসি বারবার বাধা হয়ে দাঁড়ান।
ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কলম্বিয়া। দানিয়েল মুনিয়োজ বল জালে পাঠালেও ভিডিও সহকারীর পর্যবেক্ষণে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করা হয়।
বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে কলম্বিয়া। দীর্ঘ সময় কঙ্গোর রক্ষণভাগকে ব্যস্ত রাখার পর অবশেষে সাফল্য আসে ম্যাচের ৭৬তম মিনিটে। ডান প্রান্ত দিয়ে গড়ে ওঠা আক্রমণ থেকে বক্সে আসা নিখুঁত পাস পেয়ে কাছ থেকে জোরালো শটে গোল করেন মুনিয়োজ। তার গোলে এগিয়ে যায় কলম্বিয়া।
গোলের পরও আক্রমণ থামায়নি তারা। ৮০তম মিনিটে লুইস দিয়াজও বল জালে পাঠিয়েছিলেন। তবে অফসাইডের কারণে সেই উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এক গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে কলম্বিয়া।
এই ফলাফলে দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান আরও শক্ত করেছে কলম্বিয়া। একই সঙ্গে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা প্রথম দলও তারা। অন্যদিকে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। ডিআর কঙ্গোর সংগ্রহ ১ পয়েন্ট, অবস্থান তৃতীয়। আর টানা দুই পরাজয়ে পয়েন্টশূন্য উজবেকিস্তান রয়েছে গ্রুপের শেষ স্থানে।



