বিশ্বকাপ ফুটবলে নিজের শেষ বিশ্বকাপ খেলছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রিয় “সিআর সেভেন”র শেষ বিশ্বকাপকে স্মরণীয় রাখতে রাজশাহীতে মিলনমেলার আয়োজন করেছে বাংলাদেশের রোনালদো ফ্যানরা।
এই মিলনমেলায় সারা দেশের ৬৪ জেলা থেকে যোগ দিয়েছেন দুই শতাধিক পর্তুগাল সমর্থক। তারা একসাথে দেখবেন পর্তুগাল ও উজবেকিস্তান ম্যাচ। এর আগে সারাদিনে তারা রোনালদো ও পর্তুগাল নিয়ে আড্ডা, কুইজ আর উচ্ছ্বাসে মেতে উঠেন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে পর্তুগাল সমর্থকরা নগরীর আলুপট্টি এলাকার একটি কমিউনিটি সেন্টারে জড়ো হন। তারা কেউ এসেছেন ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে। আবার কেউ এসেছেন যশোর বা খুলনা থেকে। শুরুতেই সকালে হয় পরিচিতি পর্ব। এদিন দুপুরে হয় রোনালদোর বর্ণিল ফুটবল ক্যারিয়ার ও জীবনকর্ম নিয়ে আলোচনা। এদিন বিকেলে পর্তুগাল ও রোনালদো বিষয়ক কুইজ প্রতিযোগিতার পাশাপাশি ছিল কেক কাটা, নাচ, গান ও সাংস্কৃতিক আয়োজন।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে পর্তুগাল ও দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ। পর্তুগাল ও উজবেকিস্তানের সেই ম্যাচ একসাথে উপভোগ করবেন সর্মথকরা।
পর্তুগাল ফ্যান গ্রুপ জানিয়েছেন, ৬৪ জেলা থেকে রাজশাহীতে আসার পথের যে দূরত্ব ও কষ্ট, তা হার মেনেছে ভালোবাসার কাছে। সেই ভালোবাসার নাম ক্রিস্টিয়ানো রোনালদো।
পর্তুগাল সর্মথকরা জানিয়েছেন, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। পরিসংখ্যানের বিচারে এবারের আসরের শুরুটা খুব একটা ভালো হয়নি। কঙ্গোর সাথে ১-১ গোলে ড্র । তাদের বিশ্বাস, সিআর সেভেনের পায়ের জাদুতে নতুন করে গর্জে উঠবে পর্তুগাল।
“ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান গ্রুপ বাংলাদেশ” এর সভাপতি আব্দুল কাদের বলেন, “নিজের শেষ বিশ্বকাপে রোনালদো যেন বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখতে পারি। সেই ঐতিহাসিক মুহূর্তগুলো সব ভক্ত একসাথে বসে উপভোগ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।“
আয়োজক মিজানুর রহমান আলো বলেন, “দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা জড়ো হয়েছেন রাজশাহীতে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজশাহীতে আসার ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেছে প্রিয় ফুটবলারকে ঘিরে উন্মাদনায়। আমাদের সবার একটাই পরিচয়, তারা “সিআর সেভেন” এর একনিষ্ঠ ভক্ত।
আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে পর্তুগালের জার্সি দেওয়া হয়, সাথে ছিল ভুরিভোজের ব্যবস্থা।



