Wednesday, July 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন 

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:১৭ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  

সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর এ ঘটনা ঘটে। তবে বাসের যাত্রীরা নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুলিস্তান থেকে ছেড়ে আসা বাসটিতে সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং উপজেলার ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। রাত ১১টার দিকে বাসটি কুচিয়ামোড়া সেতুর ওপর পৌঁছালে ইঞ্জিনের অংশ থেকে ধোঁয়া ও আগুন বের হতে শুরু করে। পরে চালক বাসটি এক্সপ্রেসওয়ের পাশে থামিয়ে যাত্রীদের দ্রুত নামিয়ে দেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার পর সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পরপরই বাসের যাত্রীরা দ্রুত ও নিরাপদে নেমে গিয়েছিলেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক বা বৈদ্যুতিক গোলযোগের (শর্ট সার্কিট) কারণে বাসটিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে আগুন বেশি ছড়াতে পারেনি এবং এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 

   

About

Popular Links

x