Wednesday, July 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

২ কার্গো এলএনজি কিনছে সরকার

১,৪৩৭ কোটি টাকায় স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয় করা হবে 

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে মোট ১ হাজার ৪৩৭ কোটি ৫৫ লাখ টাকায় দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (১ জুলাই) রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, সরকারি ক্রয় বিধিমালা-২০২৫ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে এই এলএনজি সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদন অনুযায়ী, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে ২০২৬ সালের জুলাই মাসের শেষার্ধে সরবরাহের জন্য এই দুই কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, এক কার্গো এলএনজি সরবরাহ করবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং অপর কার্গো সরবরাহ করবে যুক্তরাজ্য ভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড।

দেশের তাৎক্ষণিক জ্বালানি চাহিদা পূরণ এবং বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও গৃহস্থালি পর্যায়ে স্থিতিশীল প্রাকৃতিক গ্যাস সরবরাহ বজায় রাখতে পেট্রোবাংলার সুপারিশের ভিত্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।

   

About

Popular Links

x