Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেশা থেকে মুক্তি পেতে নিজেই চাইলেন কারাবাস, পেলেন ৫ মাসের কারাদণ্ড

টানা তিন দিন একই আবেদন নিয়ে ইউএনও কার্যালয়ে যাওয়ার আদালত তাকে কারাদণ্ড দেন

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১২:২৬ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের নেশা থেকে মুক্তি পেতে এক ব্যক্তি নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কারাগারে পাঠানোর আবেদন করেছেন। টানা তিন দিন একই আবেদন নিয়ে ইউএনও কার্যালয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম (৫০) গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের বাসিন্দা। এর আগে একটি মাদক মামলায় ছয় মাস কারাভোগ করলেও নেশা ছাড়তে পারেননি বলে জানা গেছে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কয়েক দিন আগে জহুরুল ইসলাম নিজেই ইউএনও কার্যালয়ে এসে জানান, তিনি আর মাদক সেবন করতে চান না। কিন্তু কোনোভাবেই নেশা ছাড়তে পারছেন না। তাই তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অনুরোধ করেন।

তার বক্তব্যের আন্তরিকতা যাচাই করতে প্রথম দিন তাকে পরদিন আসতে বলা হয়। দ্বিতীয় দিনও তিনি একই আবেদন নিয়ে উপস্থিত হলে সেদিনও তাকে ফিরিয়ে দেওয়া হয়। বুধবার তৃতীয় দিনের মতো ইউএনও কার্যালয়ে এসে একই অনুরোধ জানান জহুরুল ইসলাম।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৬ নম্বর ক্রমিক অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ইউএনও ইসরাত জাহান বলেন, “শুধু জহুরুল ইসলাম নন, তার পরিবারের একজন সদস্যও সেদিন সঙ্গে ছিলেন। তারা দুজনই অনুরোধ করেন, কারাগারে থাকলে জহুরুল ইসলাম নেশা থেকে মুক্ত হওয়ার সুযোগ পাবেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।”

   

About

Popular Links

x