Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্যাব: সরকার করছাড় দিলেও কমেনি নিত্যপণ্যের দাম  

নিত্যপণ্যে নতুন করে দাম বাড়ানোর পাঁয়তারা করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ক্যাব

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

সরকার বাজেটে ৬৩টি নিত্যপণ্যে করছাড় দিলেও তার কোনো প্রতিফলন বাজারে নেই। বরং বেশকিছু পণ্যের নতুন করে দাম বাড়ানোর পাঁয়তারা করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। 

রবিবার (৫ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতি ভোক্তাদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ক্যাব-এর কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি এস এম নাজের হোসাইন এ উদ্বেগ প্রকাশ করেন। 

বিবৃতিতে বলা হয়েছে, ধান, চাল, গম, আটা, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ বিভিন্ন কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে করের হার ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। সব ধরনের ভোজ্যতেলে ১ শতাংশ উৎসে কর থেকে অর্ধেকে নামিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, সরকার আশা করেছিল করছাড় দেওয়ার ফলে এসব পণ্য আমদানি ও বাজারজাতকরণ ব্যয় কম হওয়ায় এর প্রভাবে খুচরা বাজারেও দাম কমবে। কিন্তু প্রকৃত অর্থে খুচরা পর্যায়ে দাম না কমে চাল, সয়াবিনসহ বেশকিছু পণ্যের নতুন করে দাম বাড়ানোর পাঁয়তারা হচ্ছে। 

বিবৃতিতে ক্যাব নেতারা বলেন, বাজেট ঘোষণার পর পরই ক্যাব থেকে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানানো হয়েছিল এবং আশা করা হয়েছিল বাজেট বাস্তবায়নের ওপরই সুফল জাতি উপভোগ করবে। কিন্তু তার আগেই ব্যবসায়ীদের নতুন সুর। এখন তাদের হাতে যেসব পণ্য আছে সেগুলো বেশি দামে আমদানি করা। পরবর্তী লট আমদানি হলেই দাম কমবে কি না জানা যাবে। অথচ বাজেটে সেসব পণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়েছে, সেগুলো কম দামে আমদানি হলেও এখন দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। 

বিবৃতিতে ক্যাবের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, “বাজেটে আমদানি করা সব ধরনের মসলা ও খেজুরের ওপর থেকে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। আর এই নীতিসুবিধার সুফল এখনো খুচরা বাজারে পুরোপুরি পৌঁছায়নি। অনেক জায়গায় কিছু মসলার দাম বেড়েছে।” 

   

About

Popular Links

x