কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের এক সমর্থকের নিহতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
নিহত মো. শরিফুল ইসলাম (৩২) কুমিল্লা নগরীর ২৩নং ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া থাকতেন। তিনি নীলফামারীর জলঢাকার উত্তর চেরাংগার মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে আর্জেন্টিনা সমর্থক স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করেন। এসময় শরিফুল জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কুমিল্লা কোতয়ালী থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি।”



