Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেসের বাসের ধাক্কায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন

ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেন

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের চাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেন এবং সড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই ট্রাকের চাকা ফেটে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে সড়কে ডিম ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেগুলো কুড়াতে রাস্তায় নামেন। এ সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা লোকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন।

নিহতদের মধ্যে ডিমবোঝাই ট্রাকের চালক রয়েছেন। এছাড়া স্থানীয়দের ভাষ্য অনুযায়ী নিহত অপর চারজন হলেন সোয়াদী এলাকার জয়নাল (২৭), আরিফ (২৭), ওবায়দুর (৪০) এবং অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল এক্সপ্রেস বাসসহ অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেন এবং ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

দুর্ঘটনার পর দীর্ঘ সময় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

   

About

Popular Links

x