২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আগামী ১৫ জুলাই মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান রানার্সআপ ফ্রান্স।
বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তার মতে, স্পেনের নয়, বরং ফ্রান্সেরই ভয় পাওয়া উচিত।
কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষে স্পেনের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘‘সেমিফাইনালে উঠতে পেরে আমরা খুবই খুশি। আমরা শেষ চারে ওঠার যোগ্য ছিলাম। আমার বিশ্বাস, টুর্নামেন্টে অন্য দলগুলোর তুলনায় আমরা ভালো ফুটবল খেলেছি।’’
ফ্রান্সকে নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান ১৮ বছর বয়সী এই উইঙ্গার। তিনি বলেন, ‘‘আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মতে, ফ্রান্সেরই আমাদের ভয় পাওয়া উচিত।’’
ইয়ামালের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক পরিসংখ্যানও। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। এরপর ২০২৫ উয়েফা নেশন্স লিগেও এমবাপ্পেদের বিপক্ষে জয় পায় তারা। ওই ইউরোতেই সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েছিলেন ইয়ামাল।
বিশ্বকাপের ইতিহাসে স্পেন ও ফ্রান্স এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোর সেই ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ফ্রান্স। প্রায় দুই দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। ফলে সেমিফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।



