Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে আবারও ট্রেন চলাচল শুরু

এর আগে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল 

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

টানা বৃষ্টি ও কয়েক দিনের জলাবদ্ধতায় পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস যাত্রা শুরু করে।

এর আগে, সকাল সোয়া ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। এরপর চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ বলেন, “রেললাইনে পানি উঠে যাওয়ায় গত মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। যেসব স্থানে সমস্যা ছিল, সেগুলোর মেরামতকাজ শেষ হয়েছে। আজ থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।”

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ষোলশহর-দোহাজারী সেকশনের জান আলী হাট স্টেশনের প্রায় ১ কিলোমিটার পূর্বে শমসের পাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেলপথ পানিতে তলিয়ে যায়। সেখানে রেললাইনের ওপর সর্বোচ্চ ২১ ইঞ্চি পর্যন্ত পানি উঠে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

বন্যার পানির স্রোতে রেললাইনের নিচের কিছু পাথর (ব্যালাস্ট) সরে গেলেও মূল রেললাইন বাঁকা বা ক্ষতিগ্রস্ত হয়নি। পরে রেলের প্রকৌশল দল ঘটনাস্থলে মেরামতকাজ চালায়। ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ মিটার রেলপথ স্থানভেদে সর্বোচ্চ দেড় ফুট পর্যন্ত উঁচু করা হয় এবং সরে যাওয়া পাথর পুনঃস্থাপন করা হয়েছে।

এর আগে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মঙ্গলবার দুপুর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। নগরীর মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসাসহ কয়েকটি এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যায়।

   

About

Popular Links

x