কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে চূড়ান্ত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের চার দল। শেষ আটের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এর আগে শেষ চারে ওঠার টিকিট নিশ্চিত করে ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। ফলে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ঘটনা।
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। অন্যদিকে শিরোপার দৌড়ে টিকে থাকা চার পরাশক্তি এখন মুখোমুখি হবে ফাইনালে ওঠার লড়াইয়ে।
আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে ডালাসে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। পরদিন ১৬ জুলাই একই সময়ে আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।
সবশেষ ২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। অন্যদিকে আট বছর পর আবারও বিশ্বকাপের শেষ চারে ফিরেছে ইংল্যান্ড; তাদের সর্বশেষ সেমিফাইনাল ছিল ২০১৮ বিশ্বকাপে। স্পেন ২০১০ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
বিশ্বকাপ সেমিফাইনালের সূচি
১৫ জুলাই
ফ্রান্স বনাম স্পেন
সময়: বাংলাদেশ সময় রাত ১টা
ভেন্যু: ডালাস
১৬ জুলাই
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড
সময়: বাংলাদেশ সময় রাত ১টা
ভেন্যু: আটলান্টা



