ভারী বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে পানি নিঃসরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে আগামী শনিবার এসব গেট খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
ব্যবস্থাপক মাহমুদ হাসান সাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩.৯১ ফুট এমএসএল। পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে আগামী ১৮ জুলাই শনিবার সকাল ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেটের মধ্যে ৬টি গেট প্রায় ৬ ইঞ্চি করে খুলে পানি নিঃসরণ শুরু করা হতে পারে।
এতে আরও বলা হয়, স্পিলওয়ের মাধ্যমে প্রাথমিকভাবে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হতে পারে। তবে বৃষ্টিপাত, পানির উচ্চতা ও প্রবাহের পরিস্থিতি বিবেচনায় গেট খোলার সময় এবং পানির পরিমাণ পরিবর্তন করা হতে পারে। বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিঃসরণ হচ্ছে।
এ অবস্থায় কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বিপিডিবি।



