দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাবার সাবলের আঘাতে নুরুজ্জামান (১৩) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান স্থানীয় আজিজিয়া দাখিল মাদরাসার ছাত্র এবং শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মাটির ঘরের দরজা লাগানোকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাগের বশে শরিফুল ইসলাম সাবল দিয়ে ছেলেকে আঘাত করলে নুরুজ্জামান গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।



