সাভারে গ্যাস লাইনের লিকেজে ঘরে জমে থাকা গ্যাসে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে এক দম্পতি দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে সাভার মডেল থানার মজিদপুর দিঘীরপাড় মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভোরের দিকে তাদের জাতীয় বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন- কাওসার ও তার স্ত্রী রুবি। তারা দুজনই পোশাক কারখানার কর্মী।
পুলিশ জানায়, নূর মোহাম্মদের মালিকানাধীন একটি দুইতলা ভবনের নিচতলার ভাড়া বাসায় থাকতেন ওই দম্পতি। রাতে ঘরের ভেতরে কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুজনই দগ্ধ হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।
কায়সারের বাবা সীমান শেখ জানান, তার ছেলে ও পুত্রবধূ একটি দোতলা ভবনের নীচতলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা ঘরে মশার কয়েল ধরানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলছেন, “আগুনে কায়সারের শরীরে ১০০% এবং তার স্ত্রী রুবির শরীরে ৮০% দগ্ধ হয়েছে। পোড়ার পরিমাণ বেশি থাকায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই আইসিইউ নেওয়া হয়েছে।”
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।”



