গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদে (দায়পাড়া) খেলনা পিস্তল দিয়ে আতঙ্ক ছড়ানো ও ভয়ভীতি প্রদর্শন করে স্ত্রীর কাছ থেকে যৌতুক আদায়ের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (৩ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন তার স্ত্রী।
পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি ইমনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম ইমন (২৩)।
জানা গেছে, সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি তার টিকটক প্লাটফর্মে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ প্রসঙ্গে বলেন, “ইমন একটি পিস্তল প্রদর্শন করে ভিডিও তৈরি করে টিকটকের মাধ্যমে অনলাইনে প্রচার করে। বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে আসে। পরে পুলিশ তার (ইমন) বসত বাড়িতে অভিযান চালিয়ে টিকটক অনলাইনে প্রদর্শনকৃত পিস্তল উদ্ধার করে। উদ্ধার ওই পিস্তলটি পরীক্ষা করে দেখা যায় এটি আসল আগ্নেয়াস্ত্র নয়। এটি ‘পিস্তলসদৃশ লাইটার’।”
“যা দিয়ে ওই ব্যক্তি তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে প্রায় সময়ই যৌতুক দাবি করে আসছিলো বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। ইমন পিস্তল সাদৃশ্য লাইটারটি অনলাইনে প্রদর্শন করে টিকটকে ভিডিও প্রচার করতো। এতে এলাকায় ও জনগনের মধ্যে ভীতির সঞ্চার করে আসছিলো।”



