চলতি অর্থবছরের (২০২৬-২০২৭) মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারের পাঁচটি স্তরের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মধ্যে সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য সরকারের। আগস্টের পর স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।
সিলেট পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘‘খাল খনন ও ডেঙ্গু প্রতিরোধ প্রকল্পে সিলেট সিটি করপোরেশন ভালো কাজ করছে।’’
তিনি আরও বলেন, ‘‘সিলেট সিটি করপোরেশন ও লাফার্জহোলসিমের যৌথ একটি প্রকল্প ২০২৪ সালে চালু হয়। তবে সেটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। এখন থেকে প্রকল্পটি চালু হবে। সিলেট নগরের বর্জ্য প্রক্রিয়াজাত করার পর প্লাস্টিক অংশ লাফার্জহোলসিম নিয়ে গিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। বাকি বর্জ্য জৈব সারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।’’
এ সময় সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, এসটিএস ও বায়োড্রায়িং প্ল্যান্টের বিভিন্ন দিক প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. রবিউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরামর্শক মো. শাহীন আহমেদ খান, সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।



