রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে দীর্ঘ ৩ মাস ১৫ দিন পর আবারও শুরু হয়েছে মৎস্য আহরণ। দীর্ঘদিন পর মাছ নিয়ে জেলেদের বোট ভিড়তে শুরু করায় কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে জেলে, মৎস্য ব্যবসায়ী ও ঘাট শ্রমিকদের মধ্যে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়িসহ বিভিন্ন উপজেলা থেকে ইঞ্জিনচালিত বোটে করে জেলেরা নানা প্রজাতির মাছ নিয়ে আসতে থাকেন।
সারি সারি বোটে চাপিলা, কাচকি, টেংরা, আইড়, বাইম, বাচা, কালিগুনিয়া, পাবদাসহ বিভিন্ন জাতের মাছের ড্রাম নিয়ে ঘাটে ভিড় করতে দেখা যায় তাদের। মৎস্য ব্যবসায়ীরা শুল্ক পরিশোধের পর মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করে ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর ব্যবস্থা করেন।
কাপ্তাইয়ের মৎস্য ব্যবসায়ী জিয়াউল হক জিয়া, সাজ্জাদ, মো. মাইনুদ্দীন এবং ঘাট শ্রমিক আজগর আলী জানান, নিষেধাজ্ঞা শেষে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে জেলেরা ইঞ্জিনচালিত বোটে করে মাছ নিয়ে আসছেন। প্রথম দিন কাচকি, চাপিলা, টেংরা, বাচা, আইড়, কালিগুনিয়া, পাবদা ও বাইম মাছ বেশি ধরা পড়েছে। লেকের পানি কমে এলে ধীরে ধীরে বড় আকারের মাছও বেশি ধরা পড়বে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন, সহসভাপতি আলতাফ মিয়া ও সাধারণ সম্পাদক নবী হোসেন জানান, দীর্ঘ ৩ মাস ১৫ দিন পর নিষেধাজ্ঞা শেষে সেমাবার দিনগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনি, বরকলের শুভলং, বিলাইছড়ির গাছকাটা ছড়া, রাইংখং খালসহ হ্রদের বিভিন্ন এলাকা থেকে জেলেরা মাছ ধরে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসছেন। এসব মাছের শুল্ক পরিশোধের পর চট্টগ্রাম, ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে।
এদিকে, কাপ্তাই জেটিঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে প্রথম দিনেই ২৮,৮৬৬ কেজি মাছ অবতরণ হয়েছে।
কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান জসিম উদ্দিন জানান, সকাল সাড়ে ৬টা থেকে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ অবতরণ শুরু হয়। এদিন বেলা ১টা পর্যন্ত এই কেন্দ্রে ২৮,৮৬৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবতরণ হয়েছে। এসব মাছের বিপরীতে ব্যবসায়ীদের কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
ফিসারী ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান বলেন, “আবহাওয়া কিছুটা খারাপ ছিল। তাই অনেকেই হ্রদে জাল ফেলতে পারেননি। এ কারণে এখনও মাছের আকার সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া যাচ্ছে না।”
তিনি বলেন, “হ্রদে মাছ আহরণের প্রথম দিকে মাছের আকার কিছুটা ছোট থাকে। পরে বড় আকারের মাছ পাওয়া যায়।”

আরেক মাছ ব্যবসায়ী মো. করিম বলেন, “প্রথম দিনেই প্রচুর মাছ ঘাটে এসেছে। তবে মাছের আকার অনেকটা ছোট। আজকে কাচকি মাছের চেয়ে চাপিলা মাছ বেশি জালে ধরা পড়েছে।”
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম বলেন, “প্রায় সাড়ে ৩ মাস পর আজ থেকে মৎস্য আহরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন হিসেবে দুপুর পর্যন্ত তাদের অবতরণ ঘাটে প্রচুর পরিমাণে মাছ এসেছে।”
তিনি বলেন, “চাপিলা মাছের আকার নিয়ে মৎস্য ব্যবসায়ীরা একটু চিন্তিত হতে পারেন। আগামী ১০ থেকে ১৫ দিন পর মাছের আকার আরও বড় হবে। যদিও এ বছর আবহাওয়া কিছুটা প্রতিকূল ছিল। ঝড় ও বন্যার কারণেও পরিস্থিতি কিছুটা প্রভাবিত হয়েছে।”
কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম জানান, ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৮,৫০০ মেট্রিক টন। এর বিপরীতে ১০,০০০ মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে। এতে ২২ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। গতবারের মতো এবারও পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি বছর ২৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল রাঙ্গামাটি জেলা প্রশাসন। পরে হ্রদের পানির পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত করা হয়।
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর সোমবার মধ্যরাত থেকে পুনরায় কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে তিন মাসের অপেক্ষার পর আবারও কর্মচাঞ্চল্যে ফিরেছে কাপ্তাই হ্রদের মৎস্যনির্ভর জনপদে।



