আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রবিবার (১৬ই আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে ডিইপিজেড সংলগ্ন ধামসোনা ইউনিয়ন পরিষদের সিঁড়িতে থাকা মালামালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে আগুন লাগার খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছায়। প্রায় ৩০মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে সিঁড়ির নিচে সংরক্ষিত থাকা জেনারেটর, হুইলচেয়ার, মশানিধন কেমিক্যাল, ফগার মেশিন ও কাগজপত্র সহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। বাকী কক্ষ অক্ষত রয়েছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে - বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।



