Monday, August 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদের সচিব থাকবেন ড. নাসিমুল গনি

পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনরায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনরায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব মো. গোলাম রাব্বানী।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অন্য যেকোনো পেশা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে মন্ত্রিপরিষদ সচিব পদে এই পুনর্নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্তাবলী তার পূর্ববর্তী চুক্তির অনুরূপ বহাল থাকবে।

উল্লেখ্য, ড. নাসিমুল গনি চলতি বছরের গত ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮২ বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং তার মেধাতালিকায় অবস্থান ছিল চতুর্থ। ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং প্রায় চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে অবসর দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের ১৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় এবং পরবর্তীতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

   

About

Popular Links

x