Monday, August 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত

কলেজ গভর্নিং বডির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট) কলেজ গভর্নিং বডির জরুরি সভায় প্রভাষক সোহেলী আক্তারের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বরখাস্তের আগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়নি।

সোহেলী আক্তার নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। গত শনিবার শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে নিজের ফেসবুক আইডিতে “গভীর শোক” লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন তিনি, যেখানে শেখ মুজিবুর রহমানের ছবির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল “বিনম্র শ্রদ্ধা”।

এ বিষয়ে সোহেলী আক্তার জানান, তিনি বরখাস্তের বিষয়ে কিছুই জানেন না এবং তার কী দোষ, তাও যাকে জানানো হয়নি। রবিবার ছুটি নিয়ে আসার পর সোমবার কী ঘটেছে, সে সম্পর্কেও তিনি অবগত নন বলে জানান।

জানা গেছে, গত রোববার অধ্যক্ষের কাছে মৌখিকভাবে ছুটি নেন সোহেলী আক্তার। একই দিন তার পোস্টটি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে এলে রাতেই নন্দনগাছী কলেজ ছাত্রদল ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। সকালে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে জড়ো হয়ে তার স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থার দাবি জানান। এরপর গভর্নিং বডির জরুরি সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া নন্দনগাছী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাহেদুর রহমান সাহেদের ভাষ্য, সোহেলী আক্তার কলেজে একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছেন এবং তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এসব কারণেই তারা স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন।

কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, “প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এ ধরনের পোস্ট দেওয়া উচিত নয় বলে মনে করেই কলেজের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হলেও শোকজ করা হয়নি, তবে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

   

About

Popular Links

x