বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি। আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে।
গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ থেকে চালক নিয়োগের আগ্রহের কথা জানায় দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল।
যে শর্তে হবে নিয়োগ
প্রার্থীদের কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে হতে হবে।
চাকরির মেয়াদ দুই বছর, যা নবায়নযোগ্য। নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করার সুযোগ পাবেন।
সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মূল পাসপোর্ট, পাসপোর্টের রঙিন ফটোকপি, সাদা পটভূমির পাসপোর্ট সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স ও এর রঙিন ফটোকপি, জীবনবৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন ফটোকপি সঙ্গে নিতে হবে আগ্রহী প্রার্থীদের।
যেসব সুবিধা মিলবে
প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ও এমিরেটস আইডি-সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে। কর্মীদের আবাসনের ব্যবস্থাও করবে প্রতিষ্ঠানটি। তবে গাড়ি পাওয়ার তিন মাস পর এ বাবদ নির্ধারিত অর্থ প্রতি মাসে বেতন থেকে কেটে নেওয়া হবে।
অন্যান্য শর্ত ও সুযোগ-সুবিধা দেশটির শ্রম আইন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।



