শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার বেশ কয়েকটি সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ডিএমপি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরুর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিগণ, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তারা। তাদের গাড়িবহর যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেজন্য শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন সংলগ্ন এলাকায় নির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে সাধারণ যানবাহনকে। তবে আমন্ত্রিত অতিথিদের গাড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
নির্দেশনা অনুযায়ী, শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানমুখী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে ঘুরে যেতে হবে, অথবা প্রয়োজনে অন্য বিকল্প সড়ক ব্যবহার করতে পারবে। এছাড়া দৈনিক বাংলা থেকে রাজউকের দিকে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
হানিফ ফ্লাইওভার থেকে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না নিয়ে বামে ফুলবাড়িয়া বা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে। বিকল্প রুট হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সাময়িক এই ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন হতে পারে জানিয়ে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি। সম্ভব হলে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।



