নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের সবার বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায় এবং তারা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেলে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন।
উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। তবে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই চার শিশুর মৃত্যু হয়েছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



