রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামের একটি নির্জন সড়ক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম আবু সিদ্দিক (৩৫)। তিনি কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারী হকের বাজার এলাকার বাসিন্দা।
হারাগাছ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য ওবায়দুর রহমান এবাদ নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রবিবার সন্ধ্যার পর সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরের মিলন বাজারে যান। এই বাজারের পাশেই হারাগাছ পৌর এলাকার শেষ সীমানা চরচতুরা গ্রাম। রাত আনুমানিক নয়টার দিকে জানা যায়, ওই গ্রামের একটি নির্জন সড়কে সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও মুখে কুপিয়ে এবং গলা কেটে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের চাচাতো ভাই মজমুল জানান, মিলন বাজারে গিয়ে তিনি জানতে পারেন, মাঠের মধ্যে বসে থাকা অবস্থায় মোবাইল ফোনে কারও সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান সিদ্দিক। এরপরই কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে নির্জন এলাকায় ফেলে যায় বলে জানান তিনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।



