Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রচলিত বর্ণনা অনুযায়ী, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। একই তারিখে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

মহানবী (সা.)-এর জন্মের আগে আরব সমাজ নানা অনাচার, হানাহানি ও অরাজকতায় নিমজ্জিত ছিল। মূর্তিপূজা ও নানা কুসংস্কারে আচ্ছন্ন সেই সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অজ্ঞতার যুগ বলা হয়। মানবজাতিকে সেই অন্ধকার থেকে মুক্ত করে শান্তি, ন্যায়, সাম্য ও মানবতার পথে পরিচালিত করতে মহান আল্লাহ তাঁকে রাসুল হিসেবে প্রেরণ করেন।

অল্প বয়স থেকেই মহানবী (সা.) আল্লাহর ইবাদত ও ধ্যানমগ্নতায় সময় কাটাতেন। ২৫ বছর বয়সে তিনি হজরত খাদিজা (রা.)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৪০ বছর বয়সে হেরা গুহায় তাঁর ওপর প্রথম ওহি নাজিল হয় এবং তিনি নবুয়ত লাভ করেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ ও বিভেদ পরিহার করে শান্তি, সম্প্রীতি ও সাম্যের সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে বুধবার সরকারি ছুটি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এ ছাড়া বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে। জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন সংগঠন ‘সিরাতুন্নবী (সা.)’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ বাদ আসর বাংলামোটরে দলীয় কার্যালয়ে ‘মেহফিলে ইশক রাসুল (সা.)’ ও নাত সন্ধ্যার আয়োজন করেছে।

   

About

Popular Links

x