Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাসসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগ করেছে সরকার। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনিকে এক বছরের চুক্তিতে এই পদে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা আইন অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে, আর নিয়োগের অন্যান্য শর্তাবলি নির্ধারিত হবে চুক্তিপত্রের মাধ্যমে।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল জ্যেষ্ঠ সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদারকে (কামাল উদ্দিন সবুজ) এক বছরের চুক্তিতে বাসসের এমডি ও প্রধান সম্পাদক নিয়োগ দিয়েছিল সরকার। তবে আজ রাত সোয়া ৮টা পর্যন্ত কামাল উদ্দিনের অবশিষ্ট মেয়াদ বাতিল করে কোনো প্রজ্ঞাপন জারি করেনি জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থাৎ নতুন নিয়োগের পরও পুরোনো নিয়োগ আনুষ্ঠানিকভাবে বাতিলের প্রজ্ঞাপন তখনো আসেনি।

   

About

Popular Links

x