Monday, August 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত

নতুন এই বেতন কাঠামো চলতি ২০২৬ সালের ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা পুনর্নির্ধারণ করে ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’ অনুমোদন করেছে সরকার। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী-২০২৬’ অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন এই বেতন কাঠামো চলতি ২০২৬ সালের ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে।

বিজ্ঞপ্তি ও বৈঠক সূত্রে জানা যায়, বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই নতুন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা (১৪২% বৃদ্ধি) এবং সর্বোচ্চ ১ম গ্রেডের নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা (১০০% বৃদ্ধি) করা হয়েছে। এতে করে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:১.৯৪৫ থেকে কমে ১:১.৭৮-এ নেমে এসেছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে নতুন বেতন স্কেলটি দুই অর্থবছরে (২০২৬-২৭ ও ২০২৭-২৮) মোট তিনটি ধাপে বাস্তবায়িত হবে। সে অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন ধাপে ধাপে কার্যকর করা হবে। অন্যদিকে, সব ধরনের বর্ধিত ভাতা আগামী ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে। এ ছাড়া বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেলও পৃথক কমিটির মাধ্যমে অনুমোদন পেয়ে ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

নতুন এই স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা, যা মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্কের অধীনে বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে প্রায় ২৪ লাখ কর্মরত সামরিক-অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত পেনশনভোগী সুফল পাবেন।

২০৩০ সালের মধ্যে সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রে পর্যায়ক্রমে ‘এক গ্রেড এক পেনশন’ (ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন) চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার আগপর্যন্ত বিদ্যমান নিট পেনশনধারীদের সর্বনিম্নে ৫৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন বেতন স্কেলে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের বিপরীতে মাসে ৩ হাজার টাকা করে ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালুর ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এতদিন কেবল ৫ম গ্রেডের কর্মচারীরা যে মোবাইল ভাতা পেতেন, তা উন্মুক্ত করে এখন ১ম থেকে ২০তম সব গ্রেডের কর্মচারীদের আওতাভুক্ত করা হয়েছে।

অর্থ বিভাগ থেকে খুব শিগগিরই নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিস্তারিত প্রজ্ঞাপন ও নির্দেশিকা জারি করা হবে।

   

About

Popular Links

x