Monday, August 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

মন্ত্রিসভায় অনুমোদন, কোন গ্রেডে বেতন কত বাড়লো?

নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম

নতুন অনুমোদিত জাতীয় বেতন স্কেল-২০২৬-এ সরকারি কর্মচারীদের গ্রেডভিত্তিক বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, প্রথম থেকে একাদশ গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন শতভাগ বা দ্বিগুণ বাড়লেও দ্বাদশ থেকে বিশতম গ্রেডের ক্ষেত্রে এই বৃদ্ধির হার শতভাগের চেয়ে অনেক বেশি, সর্বোচ্চ ১৪২% পর্যন্ত।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই নতুন স্কেলের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে।

১ম গ্রেডে বর্তমানে নির্ধারিত ৭৮ হাজার টাকা থেকে নতুন বেতনস্কেলে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। ২য় গ্রেডে ৬৬ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার টাকা। ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা।

এছাড়া চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা, ৫ম গ্রেডে ৪৩ হাজার টাকা থেকে ৮৬ হাজার টাকা, ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৭১ হাজার টাকা, ৭ম গ্রেডে ২৯ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা, ৮ম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে ৪৬ হাজার টাকা এবং ৯ম গ্রেডে ২২ হাজার টাকা থেকে ৪৪ হাজার টাকা করা হয়েছে।

১০ম গ্রেডে বর্তমান ১৬ হাজার টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ৩২ হাজার টাকা। ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫ হাজার টাকা। এ দুই গ্রেডেও বৃদ্ধির হার ১০০%।

এর পরের গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার আরও বেশি। ১২তম গ্রেডে বর্তমান ১১ হাজার ৩০০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২৪ হাজার ৩০০ টাকা, যা প্রায় ১১৫% বৃদ্ধি। ১৩তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার টাকা, বৃদ্ধির হার ১১৮%।

১৪তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন হয়েছে ২৪ হাজার টাকা, অর্থাৎ ১৩০% বৃদ্ধি। ১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা, যা ১৩৫% বৃদ্ধি।

১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৯০০ টাকা। এ গ্রেডে বেতন বৃদ্ধির হার ১৩৫%। ১৭তম গ্রেডে ৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৪০০ টাকা, অর্থাৎ ১৩৮% বৃদ্ধি।

১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২১ হাজার টাকা। এতে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৯%। ১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৫০০ টাকা, অর্থাৎ ১৪১% বৃদ্ধি।

সবশেষে ২০তম গ্রেডে বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। এ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১৪২%।

অর্থাৎ নতুন বেতনস্কেলে উচ্চ গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ হলেও নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছেন। বিশেষ করে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২%।

   

About

Popular Links

x